Views Bangladesh Logo

মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা, তদারকি জোরদার এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এ নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত কাঠামো অনুযায়ী দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমও ওই নীতিমালার আলোকে পরিচালিত হবে।

তিনি বলেন, ‘মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব। এর ভিত্তিতেই কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিক শিক্ষা পরিবারের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমও নতুন কাঠামোর আওতায় আসবে।’

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন যাতে দ্রুত দৃশ্যমান হয়, সে লক্ষ্যেই সংশ্লিষ্টরা কাজ করছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী যে উন্নত ও শিক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষা কার্যক্রমের তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ