রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি। বঙ্গভবনের ২ নম্বর ফটকে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে।
এরপর রাষ্ট্রপতি বঙ্গভবনে তাঁর কার্যালয়ে যাবেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
রাষ্ট্রপতি কার্যালয় জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তাঁকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরবেন। এরপর তাঁর গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
মতামত দিন