Views Bangladesh Logo

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

দায়িত্ব গ্রহণের একদিন পর মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরে তিনি নৌ সদর দপ্তরে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ব্লু ওয়াটার নেভিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন নতুন নৌবাহিনী প্রধান। এ লক্ষ্যে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, উন্নত সোনার ও রাডারসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও শক্তিশালী করার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ