মন্ত্রিসভার প্রথম বৈঠক: নতুন সরকারের তিন অগ্রাধিকার নির্ধারণ
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সরকারের প্রাথমিক তিন অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এর আগে মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, সরকারের প্রথম দিনে প্রথা অনুযায়ী মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকার ১৮০ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনাও নির্ধারণ করছে, যা পরে জানানো হবে। তিনি জানান, বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখা, আইনশৃঙ্খলা আরও উন্নত করা এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহে সমস্যা না হয়—এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানুষের জন্য সহনীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিশেষ করে ইফতার ও তারাবির সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এখন সরকারের অগ্রাধিকার। সংশ্লিষ্ট মন্ত্রীরা শিগগিরই এ বিষয়ে কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন।
মন্ত্রিসভার বৈঠকের পর সচিবদের সঙ্গে আলাদা বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান ও আইন অনুযায়ী আন্তরিকভাবে কাজ করতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মকর্তাদের ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা নয়, মেধা ও পেশাদারত্বকে গুরুত্ব দেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে