কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব, মৃত্যু ৬৫
আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন করে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ৬৫ জন।
শুক্রবার (১৫ মে) আফ্রিকান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, আক্রান্তদের বেশিরভাগই সোনার খনি এলাকার বাসিন্দা।
পরিস্থিতি মোকাবিলায় কঙ্গো সরকার, প্রতিবেশী উগান্ডা ও দক্ষিণ সুদানের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে সীমান্ত নজরদারি, রোগ প্রতিরোধ এবং আঞ্চলিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হবে।
ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৭৬ সালে বর্তমান কঙ্গোতে। বিশেষজ্ঞদের ধারণা, বাদুড় থেকে এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয়। দেশটিতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব।
রোগটি সাধারণত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থ বা ক্ষতস্থানের সংস্পর্শে ছড়ায়। এতে তীব্র জ্বর, পেশিতে ব্যথা, দুর্বলতা, মাথাব্যথা ও গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। পরে বমি, ডায়রিয়া, ত্বকে র্যাশ এবং রক্তক্ষরণ শুরু হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইবোলার গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। এখনো এ রোগের নির্দিষ্ট কোনো নিশ্চিত চিকিৎসা আবিষ্কৃত হয়নি।
রাজধানী কিনশাসায় পরীক্ষার জন্য পাঠানো ২০টি নমুনার মধ্যে ১৩টিতে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটির ধরন নির্ধারণে আরও পরীক্ষা চলছে।
আফ্রিকা সিডিসি জানিয়েছে, খনি শ্রমিকদের চলাচল, শহরাঞ্চলে সংক্রমণ এবং সীমান্তবর্তী মানুষের যাতায়াতের কারণে রোগটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত আঞ্চলিক সমন্বয় ও সতর্কতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে