Views Bangladesh Logo

নেদারল্যান্ডস বনাম মরক্কো: টোটাল ফুটবলের শৃঙ্খলা নাকি আটলাস লায়ন্সের ট্রানজিশনের ঝড়

বিশ্বকাপের নকআউট পর্বে এমন কিছু ম্যাচ থাকে, যেখানে শুধু দুই দলের নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনেরও লড়াই হয়। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব-৩২ এ নেদারল্যান্ডস ও মরক্কোর মুখোমুখি হওয়াটা ঠিক তেমনই একটি ম্যাচ। একদিকে বল দখল, নিখুঁত পাসিং, সেট-পিস এবং বাতাসে আধিপত্যের ওপর ভরসা করা ডাচরা; অন্যদিকে কঠোর রক্ষণ, দুর্দান্ত প্রেসিং এবং চোখের পলকে ট্রানজিশন আক্রমণে বিধ্বংসী মরক্কো।

এই ম্যাচে শুধু ইউরোপ বনাম আফ্রিকার দ্বৈরথই নয়, রয়েছে এক গভীর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটও। নেদারল্যান্ডসে বসবাসরত বৃহৎ মরক্কান বংশোদ্ভূত জনগোষ্ঠীর কারণে দুই দেশের সম্পর্ক ফুটবলের বাইরেও বিশেষ তাৎপর্য বহন করে। অনেক মরক্কান তারকার জন্ম ও বেড়ে ওঠা নেদারল্যান্ডসেই। ফলে এটি শুধু একটি নকআউট ম্যাচ নয়, বরং পরিচয়, আবেগ ও গর্বেরও এক অনন্য লড়াই।

কৌশলগত লড়াই
নেদারল্যান্ডস (৪-৩-৩): রোনাল্ড কোম্যানের দল বল দখলে রেখে খেলার গতি নিয়ন্ত্রণ করতে চায়। মাঝমাঠে ফ্রেঙ্কি ডি ইয়ং ও রায়ান গ্রাভেনবার্খ আক্রমণ গড়ে তোলেন, আর উইং দিয়ে খেলা ছড়িয়ে দিয়ে ক্রস ও সেট-পিস থেকে সুযোগ সৃষ্টি করে। কর্নার ও ফ্রি-কিকে ভার্জিল ভ্যান ডাইকের উপস্থিতি তাদের অন্যতম বড় অস্ত্র।

মরক্কো (৪-২-৩-১): মোহাম্মদ ওয়াহবির দল মাঝমাঠ থেকে নিচু ব্লকে রক্ষণ সাজিয়ে প্রতিপক্ষকে ধৈর্য হারাতে বাধ্য করে। বল কেড়ে নেওয়ার পর আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ, ও ইসমাইল সাইবারিদের গতিময় দৌড়ে মুহূর্তেই পাল্টা আক্রমণে চলে যায় আটলাস লায়ন্স।

আশরাফ হাকিমি বনাম কোডি গাকপোর লড়াই
অনেকটা ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ব্রাঙ্কো ও নেদারল্যান্ডসের মার্ক ওভারমার্সের স্মৃতি ফিরিয়ে আনতে পারে এই দ্বৈরথ। সেদিন ওভারমার্সের গতি ঠেকাতে ব্রাঙ্কোকে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ভূমিকা কিছুটা ত্যাগ করতে হয়েছিল। এবারও একই প্রশ্ন, হাকিমি কি নিজের বিধ্বংসী ওভারল্যাপিং রান চালিয়ে যাবেন, নাকি গাকপোর গতি, কাট-ইন এবং ফিনিশিং ঠেকাতে বেশি সময় রক্ষণেই কাটাতে হবে?

মিডফিল্ডের নিয়ন্ত্রণ
ফ্রেঙ্কি ডি ইয়ং যদি নিজের ছন্দে খেলতে পারেন, তাহলে নেদারল্যান্ডস ম্যাচ নিয়ন্ত্রণ করবে। কিন্তু সাইবারি, উনাহি ও মরক্কোর মিডফিল্ড যদি দ্রুত প্রেসিং করে বল কেড়ে নিতে পারে, তাহলে ডাচ রক্ষণকে বিপদে ফেলতে সময় লাগবে না।

সেট-পিস বনাম সংগঠিত রক্ষণ
এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের অন্যতম বড় শক্তি ডেড-বল পরিস্থিতি। মরক্কোকে তাই নিজেদের বক্সের আশপাশে অপ্রয়োজনীয় ফাউল এড়াতে হবে এবং কর্নারে ভ্যান ডাইককে নিবিড়ভাবে মার্ক করতে হবে।

সংখ্যার লড়াই কী বলছে?
পরিসংখ্যানে নেদারল্যান্ডসের এগিয়ে থাকার চিত্র বেশ স্পষ্ট। গোল (১০-৬), অ্যাসিস্ট (৯-৫), ম্যাচপ্রতি গোল (৩.৩-২.০), বক্সের ভেতর থেকে গোল (৮-৫) এবং হেডে গোল (২-০)সব ক্ষেত্রেই ডাচরা এগিয়ে। আক্রমণে তাদের শট অন টার্গেটও বেশি (৬.৭-৫.৩)। বল দখল (৬০.৭%-৫৯%), পাসিং নির্ভুলতা (৯০.৩%-৮৮.২%), প্রতিপক্ষের অর্ধে সফল পাস (৩১৫-২২৮), লং বল সফলতা (৬১.৭%-৪৮.৯%), ক্রসিং নির্ভুলতা (২৬.৬%-২৩.৪%) এবং এয়ারিয়াল ডুয়েল জয়ের হার (৬২.৩%-৪৬.৩%), এসব সূচকেও নেদারল্যান্ডসের আধিপত্য স্পষ্ট। পাশাপাশি ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স, গোলকিপারের সেভ এবং শট কনভার্সন রেটেও ডাচরা মরক্কোর চেয়ে এগিয়ে রয়েছে।

অন্যদিকে মরক্কোর শক্তি ফুটে উঠেছে পরিশ্রম, প্রেসিং ও ট্রানজিশনভিত্তিক পরিসংখ্যানে। ম্যাচপ্রতি দৌড় (১০৩.৫ কিমি - ৯৭.১ কিমি), স্প্রিন্ট (১২৩.৭-১০৫), বড় সুযোগ সৃষ্টি (৩.৩-১.৭), মোট শট (১৬-১৩.৩), সফল ড্রিবল (১২.৩-৫.৩), কর্নার (৫.৩-৪.৩), কাউন্টার অ্যাটাক (৭-২), ট্যাকল (১৮.৭-১১.৩), বল পুনরুদ্ধার (৪৬.৩-৩৬.৭) এবং গ্রাউন্ড ডুয়েল জয়ের হার (৫৩.৭%-৪৮.৪%), সব ক্ষেত্রেই এগিয়ে আটলাস লায়ন্স। এছাড়া এই বিশ্বকাপে একটি ক্লিন শিটও রয়েছে মরক্কোর, যেখানে নেদারল্যান্ডস এখনো কোনো ম্যাচে ক্লিন শিট রাখতে পারেনি।

কাগজে-কলমে নেদারল্যান্ডস কিছুটা এগিয়ে। তাদের গোল করার দক্ষতা, পাসিংয়ের মান এবং সেট-পিসের কার্যকারিতা বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। তবে মরক্কো এমন একটি দল, যারা প্রতিপক্ষের আধিপত্য মেনে নিয়েও ম্যাচ জিততে জানে। বল দখলে পিছিয়ে থেকেও দ্রুত পাল্টা আক্রমণে যে কোনো শক্তিশালী দলকে শাস্তি দেওয়ার সামর্থ্য তারা ইতোমধ্যেই দেখিয়েছে।

যদি ম্যাচটি নেদারল্যান্ডসের নিয়ন্ত্রিত ছন্দে হয়, সুবিধা যাবে অরেঞ্জেদের দিকে। কিন্তু ম্যাচ যদি বারবার ট্রানজিশনে ভেঙে যায় এবং খোলা মাঠে গতি বাড়ে, তাহলে মরক্কো বড় অঘটন ঘটানোর সামর্থ্য রাখে।

সব মিলিয়ে এটি রাউন্ড অব-৩২ এর সবচেয়ে কৌশলগত, ভারসাম্যপূর্ণ এবং উপভোগ্য ম্যাচগুলোর একটি হওয়ার সব উপাদানই বহন করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ