গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের পর গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার রাতে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘যুদ্ধের জন্য চরম মূল্য দিতে হলেও ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে।’ খবর আল জাজিরা ও এএফপির।
আল জাজিরা জানায়, নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে গাজায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ৫২ জন ফিলিস্তিনি। চলমান যুদ্ধের ১৮ মাসে গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন লক্ষাধিক মানুষ।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজার অন্তত ১৮৫ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যা উপত্যকার মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক।
খবরে বলা হয়েছে, ইসরায়েল গাজার বিভিন্ন অংশে ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করেছে এবং গাজাকে বিভক্ত করে গড়ে তুলেছে তিনটি করিডর—ফিলাডেলফি, মোরাগ ও নেতজারিম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে