Views Bangladesh Logo

মামদানির হুমকির পরেও জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন নেতানিয়াহু

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সিটিতে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শহরটির মেয়র জোহরান মামদানি তাকে গ্রেপ্তার করার হুমকি দিলেও তিনি এ সিদ্ধান্তে অটল।

গত সপ্তাহে সেই হুমকি থেকে সরে এসেছেন মামদানি। তিনি স্বীকার করেছেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনো আইনি ক্ষমতা তার নেই।

নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। তবে এ অভিযোগ অস্বীকার করে ইসরায়েল এবং নেতানিয়াহু একে ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছিলেন।

রোববার (২৬ জুলাই) ফক্স নিউজকে নেতানিয়াহু বলেন, মামদানির হুমকি নিয়ে তিনি ‘চিন্তিত নন’।একই সঙ্গে তিনি মেয়রের বিরুদ্ধে ‘বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগ তোলেন।

নেতানিয়াহু বলেন, ‘তাঁর তো নিউইয়র্কবাসীর—ইহুদি, খ্রিষ্টান, মুসলিম সকলের মেয়র হওয়ার কথা। কিন্তু তিনি এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন।’

এ সময় গত বৃহস্পতিবার নিউইয়র্কে ঘটা জোড়া ছুরিকাঘাতের ঘটনার প্রসঙ্গও তোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সে ঘটনায় একজন ইহুদি ও একজন এশীয় বংশোদ্ভূত ব্যক্তিকে ছুরিকাঘাত করেন
সন্দেহভাজন এক ব্যক্তি।

পুলিশের ভাষ্যমতে, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়েছিলেন। তবে হামলায় দুই ব্যক্তিই বেঁচে যান।

এ ঘটনার পর নেতানিয়াহু বলেন, ইহুদি নিউইয়র্কবাসীরা এখন ‘ভয় পাচ্ছেন’।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অভিযোগের বিষয়ে মামদানির কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মামদানি ফিলিস্তিনি অধিকারের একজন কট্টর সমর্থক। গত বছর নির্বাচনী প্রচারণায় গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরোধিতা করেন তিনি। গত সপ্তাহে দেওয়া এক ভাষণে মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেন।

প্রচারণার সময় নিজের এই অবস্থানের অংশ হিসেবে মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা ২০২৪ সালের গ্রেপ্তারি পরোয়ানা তিনি কার্যকর করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রবেশ করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে ২১ হাজারের বেশি শিশু।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ