একাই ইরানে সামরিক হামলা চালানোর ইঙ্গিত নেতানিয়াহুর
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমানোর জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে ইসরায়েল অটল।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আহমেদ ভাহিদির মন্তব্যের পর তিনি এ কথা বলেন।
নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ইরান যাতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র হাতে না পায়, তা নিশ্চিত করতে আমি অঙ্গীকারবদ্ধ।’
তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ‘সবচেয়ে বড় মিত্র’ হলেও দেশের নিরাপত্তা রক্ষায় তাঁর সরকার ‘যা প্রয়োজন তাই’ করবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা যখন জোরদার করা হচ্ছে, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারি এল।
মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনা ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে এবং কূটনৈতিক সমঝোতার লক্ষ্যে উভয় পক্ষ খসড়া প্রস্তাব বিনিময় করছে।
তবে আঞ্চলিক উত্তেজনা এখনও তীব্র। ইরানি কর্তৃপক্ষের দাবি, এ বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়ার পর থেকে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দায়ও স্বীকার করেছে দেশটি।
বৃহত্তর চুক্তির লক্ষ্যে আলোচনা বারবার থমকে গেছে। মূলত সামুদ্রিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে কূটনীতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
মতামত দিন