Views Bangladesh Logo

জাতিসংঘে ভাষণ দিয়েই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার একই দিনে নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘে ভাষণ দেওয়ার পর সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজও জানিয়েছে, ভাষণের কয়েক ঘণ্টা পরই তাঁর নিউইয়র্ক ছাড়ার কথা ছিল।

ভাষণ শেষে নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়ে থাকতে পারে। তবে দ্রুত ফিরে যাওয়ার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কারণ জানানো হয়নি।

এদিকে নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরের আশপাশে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। সিবিএস নিউইয়র্কের প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাতে প্রায় ১০০ জনকে হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে। পরে আল জাজিরা জানায়, নিউইয়র্ক পুলিশের হিসাবে ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের সবাইকে পরে ছেড়ে দেওয়া হয়।

এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহু শহরে এলে তাঁকে গ্রেপ্তারের কথা বলেছিলেন। পরে মামদানি স্বীকার করেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের এককভাবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা নেই। তবে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহুর বক্তব্যের আগে বিভিন্ন দেশের অনেক প্রতিনিধি সভাকক্ষ থেকে বেরিয়ে যান। অন্যদিকে, তাঁর সমর্থনে কিছু প্রতিনিধি দাঁড়িয়ে করতালি দেন। ভাষণের বাইরে নিউইয়র্কের রাস্তায়ও তাঁর সফরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ