রোববার থেকে শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার
আগামী রোববার(১২ এপ্রিল) থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার প্রক্রিয়া আবার শুরু হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্ট ।
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি ছিল। সেই সময় আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির পর দেশের বেশিরভাগ এলাকায় সামরিক হোম ফ্রন্ট কমান্ডের অনুমোদনক্রমে আদালতের কাজ আবার শুরু হয়েছে। কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিচার ব্যবস্থার কাজে ফিরে আসার’ কারণে নেতানিয়াহুর মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রবিবারের শুনানিতে প্রতিরক্ষা পক্ষের একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে।
নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা চলছে। এর মধ্যে দুটি মামলায় অভিযোগ করা হয়েছে যে, তিনি ইসরায়েলি সংবাদমাধ্যমের কাছ থেকে অনুকূল সংবাদ প্রচারের বিনিময়ে সুবিধা নিয়েছিলেন। তৃতীয় মামলায় বলা হয়েছে, তিনি রাজনৈতিক সুবিধার বিনিময়ে বিলিয়নিয়ারদের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি মূল্যের বিলাসবহুল উপহার গ্রহণ করেছেন। এর আগে একটি দুর্নীতির অভিযোগ খারিজ হয়ে গেছে।
যদিও বারবার অভিযোগ অস্বীকার করে আসছেন নেতানিয়াহু। তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পর প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগকে একটি চিঠি পাঠিয়ে নেতানিয়াহুর দণ্ড মওকুফের আবেদন জানান। এর কিছুক্ষণ পর নেতানিয়াহুর আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে একই আবেদন দাখিল করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে