Views Bangladesh Logo

নেপালে এবার সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

নেপালে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পর এবার গ্রেপ্তার করা হয়েছে সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খাড়কাকে।

রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর মুখপাত্র শিব কুমার শ্রেষ্ঠ জানান, অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় খাড়কাকে আটক করা হয়েছে। তদন্তটি তদারকি করবে নেপালের অর্থ পাচার তদন্ত বিভাগ।

এর আগে গত সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগে অলি ও লেখককে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের একদিন পরই খাড়কাকে আটক করা হলো।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী বিক্ষোভে রূপ নেয়। সহিংসতায় রূপ নেওয়া ওই আন্দোলনে সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়।

তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ৮ ও ৯ সেপ্টেম্বরের দমন-পীড়নে অন্তত ৭৬ জন নিহত হন। আন্দোলনের মুখে অলি সরকারের পতন ঘটে।

অভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দলটির নেতা বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

নতুন সরকার সুশাসন নিশ্চিত করতে ১০০ দফা কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদের তদন্তের উদ্যোগ রয়েছে।

গ্রেপ্তার অলি ও লেখক বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ