নেপাল-চীনে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯১৯, নিখোঁজ ৪৭৯৩
নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯০৩ জনে দাঁড়িয়েছে। এর পাশাপাশি নিখোঁজের সংখ্যাও বেড়ে ৪ হাজার ২৪৭ জনে পৌঁছেছে।
সোমবার (৩১ আগস্ট) উদ্ধার অভিযানের ষষ্ঠ দিনে এ তথ্য জানায় দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত বুধবারের এ দুর্যোগে দেশটির তিব্বত অঞ্চলে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। ফলে দুই দেশ মিলিয়ে সীমান্ত অঞ্চলের এই ভয়াবহ বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৯ জনে এবং মোট নিখোঁজ চার হাজার ৭৯৩ জন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, দেশটিতে নিখোঁজ নাগরিকদের সংখ্যা তিন হাজার ৬৫৫ জন। রবিবার নুয়াকোট জেলায় ১১৫ জন নিখোঁজের কথা বলা হলেও এক দিনের ব্যবধানে তা বেড়ে এক হাজার ১৫৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া রসুয়া জেলাতেই সন্ধান মিলছে না আরও ৫৬২ জনের।
এ ঘটনায় নিখোঁজদের তালিকায় অন্তত ৫৯২ জন বিদেশি নাগরিক রয়েছেন। পাহাড়ি ঢলে নদীসংলগ্ন জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে কর্মরত ৯৩৩ জন শ্রমিকও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
কর্তৃপক্ষের তথ্যমতে, নিখোঁজের তালিকায় নেপালি সেনাবাহিনীর ৪৫ জন , পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর ৩৮ জন এবং কাস্টমস ও ইমিগ্রেশনের ১৯ জন কর্মকর্তা রয়েছেন।
এদিকে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে বয়ে আসা নদীগুলো থেকে তারা ১৭টি মরদেহ উদ্ধার করেছে। এগুলো বন্যায় ভেসে আসা ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে নেপালের সরকারি তালিকায় এখনো এই ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়নি।
সূত্র: এএফপি
মতামত দিন