Views Bangladesh Logo

নেপালের বন্যাদুর্গত এলাকায় সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের লাগবে অনুমতিপত্র

হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের দুর্গত এলাকাগুলোতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নতুন সুরক্ষা এবং অপারেশনাল নির্দেশিকা জারি করেছে দেশটির সরকার। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা গিয়ে সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতী মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় বন্যাকবলিত এলাকায় কর্মরত সাংবাদিকদের জন্য এসব নির্দেশনা জারি করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় হঠাৎ সৃষ্ট বন্যায় উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রাম প্লাবিত হয়। এখন পর্যন্ত এক হাজার ৩০০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোটকোশী নদীর পানি বৃদ্ধি পায়। এতে ভাটি এলাকার ঘরবাড়ি, যানবাহন, সড়ক ও সেতু নদীর পানিতে ভেসে যায় এবং বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সাংবাদিকদের সার্বক্ষণিক বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে। এর পাশাপাশি কেবল নির্ধারিত পথ ব্যবহার করা, চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ মেনে চলা এবং নির্দেশ পাওয়ার পর দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া চলমান উদ্ধার অভিযানে প্রবেশ, কার্যক্রমে বাধা সৃষ্টি করা, নিষিদ্ধ বা সংরক্ষিত এলাকায় প্রবেশ কিংবা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে গত ৩ সেপ্টেম্বর নেপালের তথ্য ও সম্প্রচার বিভাগের পৃথক এক নোটিশে ভোটকোশী ও ত্রিশূলী নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় সংবাদ সংগ্রহে আগ্রহী বিদেশি সাংবাদিকদেরকে অনলাইনে প্রেস অ্যাক্রেডিটেশন ও সাংবাদিক পরিচয়পত্রের জন্য আবেদন করতে বলা হয়।

নোটিশে জানানো হয়, আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট ও বৈধ ভিসার কপি, সংশ্লিষ্ট গণমাধ্যমের সুপারিশপত্র এবং নিজ দেশের দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ যুক্ত করতে হবে। জারি করা এই পরিচয়পত্রের মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন কার্যকর থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ