নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৫৪৭, নিখোঁজ ৯৭৭
নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৯৭৭ জন। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৫৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন। এর আগে এনডিআরআরএমএ ৫৩৮টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল।
উদ্ধার ও তল্লাশি কার্যক্রমে বর্তমানে ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা নিয়ে নেপাল পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে।
বুধবার সকালে রাসুয়া জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ত্রিশূলী ও নারায়ণী নদীর পানি দ্রুত বেড়ে যায়। একই সঙ্গে ভোতে কোশি নদীতেও পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পাহাড়ি ঢলের সঙ্গে ভূমিধস থেকে নেমে আসা কাদা ও পাথর মিলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে।
প্রবল স্রোতে ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নেপালের পাশাপাশি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এর আগে চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। এরপর আর বিস্তারিত হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভয়াবহ এই বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
মতামত দিন