নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ ৫ হাজার
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৮৬ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
পুলিশের তথ্য অনুযায়ী, আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ানে ৩৬০, পশ্চিম নওয়ালপারাসিতে ২৩০, পূর্ব নওয়ালপারাসিতে ২২২, নুয়াকোটে ১৯২, রাসুয়ায় ১৬০, গোরখায় ৭৩, ধাদিংয়ে ৬৭ এবং তানাহুনে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ অন্যান্য প্রক্রিয়া শেষে এখন পর্যন্ত ১ হাজার ৩০টি মরদেহ দাহ করা হয়েছে। এর মধ্যে ২২২টি মরদেহ নারী ও ৩৫৫টি পুরুষের। বাকি ৪৫৩টি মরদেহের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।
নেপাল পুলিশ জানিয়েছে, মরদেহ শনাক্ত করতে এ পর্যন্ত ২ হাজার ২৭২টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৬০টি নমুনা নেওয়া হয়েছে মরদেহ থেকে এবং ১ হাজার ১২টি নেওয়া হয়েছে নিখোঁজদের স্বজনদের কাছ থেকে। শনাক্ত না হওয়া ১ হাজার ২৭০টি মরদেহের তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বন্যাকবলিত এলাকায় অনুসন্ধান, উদ্ধার, ত্রাণ বিতরণ, মরদেহ উদ্ধারসহ জরুরি বিভিন্ন কার্যক্রমে নেপাল পুলিশের ৭ হাজার ৯১২ সদস্য মোতায়েন রয়েছেন।
বর্তমানে বিভিন্ন জেলার আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার ২৪০ মানুষ অবস্থান করছেন। বন্যাপ্রবণ এলাকা থেকে পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সচল করতে এবং বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
মতামত দিন