Views Bangladesh Logo

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপালের সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে ভোতেকোশি নদী দিয়ে হঠাৎ বিপুল পানি নেমে এসে ঘনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে। পানি ও কাদার স্রোতে মুহূর্তের মধ্যে বহু মানুষ, ঘরবাড়ি ও যানবাহন ভেসে যায়।

বার্তা সংস্থা এপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বিপর্যয়ে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান কৈলাস-মানস সরোবরে যাওয়া প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও নিখোঁজদের তালিকায় রয়েছেন।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, দুর্গত এলাকায় ১৪টি হেলিকপ্টার এবং কয়েক শ উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। রাসুয়া জেলা ও পার্শ্ববর্তী সায়াফুরবেশি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে অসংখ্য ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে।

কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জলবায়ু গবেষক রিজান ভক্ত জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে লেন্দে নদীতে বরফ ধসের তথ্য পাওয়া গেছে। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গিয়ে পানি জমতে থাকে। পরে হঠাৎ সেই পানি ভোতেকোশি নদী দিয়ে নেপালের দিকে নেমে আসে।

তার ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টার দিকে আকস্মিক বন্যার পানি নেপালে নেমে আসার সময় তিব্বতে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কারণে জমে থাকা বরফ নড়ে গিয়ে নদীর পানি একসঙ্গে নিচের দিকে নেমে আসে।

কান্তিপুর টিভিকে ওই গবেষক বলেন, চীনা বিজ্ঞানীদের কাছ থেকে প্রাথমিকভাবে বরফ ধস ও ভূমিকম্পের বিষয়ে এই তথ্য পাওয়া গেছে। উদ্ধারকারী দল দুর্গত এলাকায় নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

সূত্র: পিটিআই, কাঠমান্ডু পোস্ট, এএফপি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ