Views Bangladesh Logo

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ২৮৯

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। দেশটির স্থানীয় গণমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় এখনও কয়েক শ মানুষ নিখোঁজ রয়েছেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে এ তথ্য জানিয়েছেন। উদ্ধারকারীরা এখন পর্যন্ত চিত্রওয়ান জেলা থেকে ১০৮টি, নওয়াল পরাসী পূর্ব থেকে ৬২টি, ধাদিং থেকে ২৭টি, গোর্খা থেকে ২০টি, রাসায়া থেকে ১৭টি, নওয়াল পরাসী পশ্চিম থেকে ১৫টি, নুওয়াকোট থেকে ১২টি এবং তানাহুন জেলা থেকে ৯টি মরদেহ উদ্ধার করেছেন।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এখনও স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা কর্মী এবং পর্যটকসহ মোট ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১২৭ জন নেপালি এবং ৫১৭ জন বিদেশি নাগরিকসহ মোট ৬৪৪ জন পর্যটক রয়েছেন। এ ছাড়াও নিখোঁজদের তালিকায় রয়েছেন ৪৪ জন নেপালি সেনাবাহিনী, ২৮ জন পুলিশ কর্মী এবং নেপালের আর্মড পুলিশ ফোর্সের ১৩ জন সদস্য।

উল্লেখ্য, বুধবার হিমালয়ের একটি নদীতে পাহাড় ধসে বিশাল কাদা পানি ও পাথরের স্রোত নেমে আসায় দেশটির রাসায়া ও অন্যান্য জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। পরবর্তীতে এই পানি তৃশূলী ও নারায়ণী নদী হয়ে তীব্র বেগে প্রবাহিত হয়। এই ভয়াবহ ঢল লোকালয়ে প্লাবিত হয়ে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় এবং সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর মারাত্মক ক্ষতিসাধন করে। সেখানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ