Views Bangladesh Logo

নেপালে শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল

শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে নেপাল সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পাশাপাশি পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) দেশটির নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র নেতৃত্বে সরকার ১০০ দফার একটি সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে, যার বড় অংশজুড়ে রয়েছে শিক্ষা খাত।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলসমর্থিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব সংগঠন শিক্ষাঙ্গন থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের স্বার্থ ও দাবি তুলে ধরবে।

এছাড়া প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্তির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর বদলে বিকল্প ও মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে দীর্ঘদিনের সেশনজট কমাতে শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে ফল প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে নেপালের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ