মুক্তি পেলেন নেহা বোরা, ‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ সিজেপি নেতা অভিজিৎ দীপকে
ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে আটক অনলাইন আন্দোলনভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে প্রতিরোধমূলক গ্রেপ্তার দেখিয়েছে দিল্লি পুলিশ। একই কর্মসূচিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে শনিবার ভোরে মুক্তি দেওয়া হয়েছে।
দিল্লি পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিনের পরবর্তী সময়ে তাঁকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের (এসইএম) আদালতে হাজির করার কথা রয়েছে।
অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটক নেহা বোরাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অভিজিতের অবস্থান ও তাঁর সঙ্গে আইনজীবীদের যোগাযোগের সুযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে সিজেপি।
দলটির আইনি বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে এবং আইনজীবীরা এখনো তাঁর সঙ্গে দেখা করতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, অভিজিৎকে এসইএম আদালতে হাজির করার কথা বলা হলেও তাঁর অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
মুক্তির পর নেহা বোরা অভিযোগ করেন, বৈধ কারণ ছাড়াই বিক্ষোভকারীদের আটক করে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। তাঁর দাবি, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করা হচ্ছে। তিনি অভিজিৎ এবং আটক অন্য বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
নেহা আরও বলেন, আন্দোলনকারীরা জবাবদিহি ও ভোটাধিকারের দাবিতে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁদের আটক করে রাতভর থানায় রাখা বা আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে অভিজিৎ ও নেহাকে আটক করা হয় বলে সিজেপি ও আইসার পক্ষ থেকে জানানো হয়েছে। দুই সংগঠনের অভিযোগ, আটকের পর তাঁদের আইনজীবী ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সিজেপির দাবি, অভিজিৎকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আইসার অভিযোগ ছিল, নেহাকে মঙ্গলপুরীর অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্সের কার্যালয়ে একা আটকে রাখা হয়েছিল।
সুত্র: এনডিটিভি
মতামত দিন