ডিএসসিসি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৫ মে) রাতে ছবি সম্বলিত একটি পোস্টার নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।’
এরপর আরও দুটি ফেসবুক পোস্টে তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?’
অপর একটি পোস্টে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আমি একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত—কথা দিলাম!’
উল্লেখ্য, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন নীলা ইসরাফিল। আন্দোলনের পর তিনি এনসিপিতে যোগ দিলেও সম্প্রতি দলটির আরেক নেতা সারোয়ার তুষারের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে