ঝড়-বৃষ্টির তাণ্ডবে ভারতের উত্তর প্রদেশে নিহত প্রায় ৯০ জন
প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে অযোধ্যা, বারাণসী ও গাজিয়াবাদসহ উত্তরপ্রদেশের অন্তত ৩০টি জেলা। কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে, আবার কোথাও হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এই বৈরী আবহাওয়ায় গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১৩ মে) ঝড়-বৃষ্টিজনিত এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। বরেলীতে ভয়াবহ ঝড়ে টিনের ছাউনিসহ এক ব্যক্তি প্রায় ৪৫ ফুট উঁচুতে উড়ে গিয়ে ১০০ মিটার দূরে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ছিল প্রয়াগরাজ, যেখানে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্ত রবিদাস নগরে ১৪ জন, ফতেহপুরে ১১ জন এবং মির্জাপুরে ১০ জন প্রাণ হারিয়েছেন। উন্নাও, বদাউন, বেরেলি ও প্রতাপগড়সহ আরও কয়েকটি জেলায় হতাহতের ঘটনা ঘটেছে। ঝড়ে গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটে।
উত্তর প্রদেশ কর্তৃপক্ষের প্রস্তুত করা প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়সংক্রান্ত ঘটনায় ৫৩ জন আহত হয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ায় ১১৪টি প্রাণীরও মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা তীব্র ধুলিঝড় ও ভারী বৃষ্টির সময় দেয়াল ধসে পড়া, গাছ ভেঙে পড়া এবং বজ্রপাতে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তনের কারণে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে