নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ৪০০ পর্যটক
নেপালের সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার সকালে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে ভোতেকোশি নদী দিয়ে হঠাৎ বিপুল পানি নেমে এসে ঘনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়লে এই বিপর্যয় ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও নিখোঁজদের তালিকায় রয়েছেন। পর্যটকদের একটি বড় অংশ হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান কৈলাস-মানস সরোবরে যাওয়ার পথে ছিলেন বলে জানা গেছে।
এদিকে নেপালের পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয়দের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গত এলাকায় নেপালের সেনাবাহিনী ১৪টি হেলিকপ্টার ও কয়েক শ উদ্ধারকারী মোতায়েন করেছে।
বন্যায় রাসুয়া জেলা ও পার্শ্ববর্তী সায়াফুরবেশি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল পানির স্রোতে ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো। যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় নিখোঁজ পর্যটকদের উদ্ধারে জটিলতা তৈরি হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, লেন্দে নদীতে বরফ ধসের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ আটকে যায়। পরে জমে থাকা পানি হঠাৎ ভোতেকোশি নদী দিয়ে নিচের দিকে নেমে এসে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। একই সময়ে তিব্বতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কারণে জমে থাকা বরফ নড়ে গিয়ে বিপুল পানি একসঙ্গে নেমে আসে।
বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিখোঁজ পর্যটকদের সন্ধান ও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন