Views Bangladesh Logo

ইসরায়েলে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার মানুষ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে অন্তত ১ হাজার ৯২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ইসরায়েল বিভিন্ন এলাকায় বারবার ক্ষেপণাস্ত্র সতর্কতা ও সাইরেন বাজতে থাকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর এবং ৪২ জন মাঝারি মাত্রায় আহত। এছাড়া প্রায় ৭০ জন সামান্য আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বেশিরভাগ মানুষ সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় নয়, বরং সাইরেন বাজার পর আশ্রয়কেন্দ্র বা নিরাপদ স্থানে ছুটে যাওয়ার সময় পড়ে যাওয়া, ধাক্কাধাক্কি বা অন্যান্য দুর্ঘটনার কারণে আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ ঘটনাই পরোক্ষভাবে ঘটেছে এবং সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম।

ইরানের বিভিন্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া এই সংঘাত এখন দ্বিতীয় সপ্তাহে পৌঁছেছে। এর জবাবে ইরানও ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। যার ফলে ইসরায়েলজুড়ে বারবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হচ্ছে এবং সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে সতর্ক করা হচ্ছে।

অন্যদিকে, ইরানের কর্মকর্তারা ও ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই সংঘাতে ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাদের দাবি, সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ