Views Bangladesh Logo

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৬ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ জনকেও আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় ১৩ হাজার ২৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ১১৩ জনকে দেশত্যাগের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি জব্দের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির সরকার নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ