Views Bangladesh Logo

এনডিবির মোমিন মেহেদী, শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় রাজনৈতিক সংগঠন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ সহসভাপতি শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন: সংগঠনটির সহসভাপতি নূরজাহান নীরা, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল এবং হরি সরকার।

বুধবার (৫ আগস্ট) তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মহানগর হাকিম কামাল উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা আওয়ামী লীগের সহযোগী এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করছিলেন। এ সময় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব বাবুল সরকার, আল নূর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের কয়েকজন তাদের বাধা দেন।

অভিযোগে আরও বলা হয়েছে, পরে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক দিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আল নূর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ