ডকুমেন্টারি বিতর্কে রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে ওয়াকআউট এনসিপির
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারি নিয়ে আপত্তি জানিয়ে অনুষ্ঠান বর্জন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, ডকুমেন্টারিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ এবং শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শনের পরপরই শহীদ পরিবারের কয়েকজন সদস্য এবং জুলাই যোদ্ধাদের একটি অংশ এর বিষয়বস্তু নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অধ্যায়, আন্দোলনের বিভিন্ন ঘটনা এবং শহীদদের অবদান ডকুমেন্টারিতে পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। এ সময় মিলনায়তনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি শান্ত করতে প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উপস্থিত সবাইকে সংযত থাকার আহ্বান জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অনুরোধে আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপির নেতা আক্তার হোসেন বক্তব্য দেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে বলে আশ্বাস দিলেও ডকুমেন্টারির বিভিন্ন দিক নিয়ে নিজের আপত্তির কথাও তুলে ধরেন।
এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ডকুমেন্টারিতে কিছু অসম্পূর্ণতা থাকার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের মতামত নিয়ে ডকুমেন্টারিটি পুনরায় পর্যালোচনা করা হবে। প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনের মাধ্যমে এটিকে আরও পরিপূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে পরবর্তী আনুষ্ঠানিক বক্তব্যে আক্তার হোসেন আবারও একই অভিযোগ উত্থাপন করেন। পরে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি এনসিপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এনসিপির প্রতিনিধিরা অনুষ্ঠান বর্জন করলেও রাষ্ট্রীয় কর্মসূচির অবশিষ্ট অংশ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন হয়।
মতামত দিন