Views Bangladesh Logo

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে এনসিপি: নাহিদ ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

বিচার, সংস্কার এবং একটি নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে নেমেছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে আপনার-আমার অধিকার ও সিলেটবাসীর মর্যাদা নিশ্চিত থাকবে।'

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আবারো জমায়েত হবে এনসিপি। দাবি আদায়ের লক্ষ্য হলো ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’। 'ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকেই আমরা তা আদায় করবো,' বলেন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, 'সিলেট থেকে ইসলামের সম্প্রীতি ও ইনসাফের বাণী ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ অঞ্চল বহুজাতি ও বহু সংস্কৃতির মিলনস্থল, যার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। সেই আলোকে আমাদের সিলেটকে মূল্যায়ন করতে হবে।'

তিনি আরও বলেন, 'যুগের পর যুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে রেখেছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং আমাদের জুলাই অভ্যুত্থান—প্রতিটি আন্দোলনে সিলেট বুক চিতিয়ে লড়েছে দেশের পক্ষে।;


প্রবাসী সিলেটিদের অবদানের কথা তুলে ধরে নাহিদ বলেন, 'আমরা জানি, লন্ডনে বসবাসকারী বাংলাদেশিদের বড় একটি অংশ সিলেটি। তারা লন্ডনের মসজিদ, স্কুল, রেস্টুরেন্ট, এমনকি রাস্তায় কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে। আমরা সেইসব প্রবাসী ভাইদের ভোটাধিকার চাই।'

তিনি বলেন, 'লন্ডন শুধু জয় করেনি সিলেটিরা, তারাই বাংলাদেশকে জয় করেছে। তাদের ঘামেই ঘুরে আমাদের অর্থনীতির চাকা।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ