Views Bangladesh Logo

অপহরণ–মুক্তিপণের অভিযোগে এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে দল। একই সঙ্গে তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঠানো এক চিঠিতে জানানো হয়, নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিঠিতে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এনসিপির বগুড়া জেলা কমিটির আহ্বায়ক এম এস এ মাহমুদ বলেন, শওকত ইমরানের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণের মামলা হওয়ার পাশাপাশি এক নারীর সঙ্গে তাঁর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গত রোববার রাতে বগুড়া সদর থানায় শওকত ইমরানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার জুনিয়র ট্রেইনি অফিসার আশরাফুল ইসলাম।

মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে তিনমাথা রেলগেট এলাকায় শওকত ইমরানসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। পরে তাঁকে জোর করে একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রেখে মারধর করা হয় এবং অস্ত্রের মুখে ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শওকত ইমরান। তাঁর দাবি, আশরাফুল ইসলাম বিভিন্ন নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অনলাইনে প্রতারণা করতেন। পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে তাঁকে ডেকে এনে দুটি মোবাইল ফোন পরীক্ষা করা হয়। পরে আশরাফুল ওই ২৫ হাজার টাকা ফেরত দেন বলেও দাবি করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ