প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন এনসিপির নেতারা।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
এর আগে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন নাহিদ ইসলাম।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির নেতারা।
মতামত দিন