Views Bangladesh Logo

গাড়ি থেকে নামিয়ে পেটানো হয় এনসিপির নেতাকর্মীদের, সারজিসসহ আহত ১০

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। তবে অভিযোগ অস্বীকার করেছে যুবদল।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে ‘জুলাই জাগরণ’ পথসভা শেষে সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দেশীয় অস্ত্র নিয়ে একদল হামলাকারী এনসিপির গাড়িবহরে হামলা চালায়। কয়েকজন নেতাকর্মীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এতে কয়েকজন গুরুতর আহত ও রক্তাক্ত হন। তাদের উদ্ধার করতে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমও হামলার শিকার হন। হামলায় সারজিস আলমের হাতে আঘাত লাগে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হন।

এনসিপির অভিযোগ, হামলার সময় পুলিশের উপস্থিতিতেই তাদের মিডিয়া টিমের একটি মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে ঢুকে পড়লেও হামলাকারীরা সেখানে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঘটনার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, জেলা ছাত্রদলের নেতাকর্মীরা হকিস্টিক, রামদা ও চেইন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় পুলিশ ও র‍্যাব উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা নেয়নি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তবে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, কিন্তু এ ঘটনায় ছাত্রদল বা যুবদলের কেউ জড়িত নয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ