‘গানের আর্তনাদে’ জুলাই মঞ্চের বাধার ঘটনায় এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি
বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় এক নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—সে বিষয়ে ওই নেতার কাছে ব্যাখ্যাও চেয়েছে দলটি।
এনসিপির ওই নেতার নাম আরিফুল ইসলাম। তিনি দলের দক্ষিণাঞ্চলের সংগঠক। শনিবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক চিঠিতে আরিফুলকে সাময়িক অব্যাহতি দেওয়ার পাশাপাশি যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়।
চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না—তার যথাযথ ব্যাখ্যা আগামী দুই কার্যদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনের কাছে দাখিলের নির্দেশনা দেওয়া হলো।
রাজধানীর শাহবাগে গত শুক্রবার বিকেলে ‘গানের আর্তনাদ’ শিরোনামে কর্মসূচি ডেকেছিল ‘সম্প্রীতি যাত্রা’ নামে লেখক, শিল্পী, অধিকারকর্মী ও রাজনৈতিক কর্মীদের একটি প্ল্যাটফর্ম। জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ করে এ কর্মসূচি শুরু হলে মিছিল নিয়ে সেখানে যান ‘জুলাই মঞ্চ’ নামের একটি সংগঠনের নেতা ও কর্মীরা। তখন তারা বাউলদের পক্ষে নেওয়া ওই কর্মসূচির বিরোধিতা করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে বাধা দেওয়ার ওই ঘটনায় নেতৃত্ব দিতে দেখা যায় জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলামকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে