গ্রেফতারের পরদিনই জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
ঝিনাইদহে ছাত্রদলের সাবেক এক নেতার করা মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৫ মে) সকালে তিনি জামিনে কারামুক্ত হন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
জানা গেছে, সেদিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তারেক রেজা। সেখানে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়।
গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান, পুলিশের সাদা পোশাকের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে) তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, ওই মামলার আসামি হিসেবেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে