প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে গাজী সালাউদ্দিন তানভীরকে। সেইসঙ্গে তাকে কারণ দর্শানোরও নির্দেশ দিয়েছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আপনার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়- এরকম একটি মন্তব্য করতে দেখা গেছে। এ বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
নোটিশে আরো বলা হয়, একইসঙ্গে, কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
হবিগঞ্জসহ সিলেট বিভাগের তিনটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার উল্লেখ করে, ছাত্রদল ও যুবদলের নেতারা জড়িত বলে অভিযোগ তুলে গতকাল এক ফেসবুক পোস্টে সালাউদ্দিন তানভীর প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন। ফেসবুকে অনেকের সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে নেন। তবে পোস্টের স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে।
এ নিয়ে এনসিপি থেকে দ্বিতীয় দফায় অব্যাহতি পেলেন এই নেতা। জুলাই গণ-অভ্যুত্থানের পর জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠলে তাঁকে প্রথমবার দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
মতামত দিন