এনসিপি নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ‘আপত্তিকর’ পোস্টকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বুধবার ভোরে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলায় ভোর ৪টার দিকে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে রোববার রাতে মামলা করেন তার নামে।
গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপি ও পুলিশ অপ্রয়োজনীয়ভাবে কঠোর অবস্থান নিয়েছে।
তার ভাষ্য, হবিগঞ্জ ও সিলেটে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তানভীর প্রধানমন্ত্রীকে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি পোস্টটি মুছে ফেলেন, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। এরপরও তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারকে অযৌক্তিক বলে দাবি করেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সালাউদ্দীন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি।
উল্লেখ্য, এনসিপি থেকে এটি তানভীরের প্রথম সাময়িক অব্যাহতি নয়। ২০২৫ সালের এপ্রিলে সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবইয়ের কাগজ ক্রয়ে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পরও তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবার দলে সক্রিয় হন।
মতামত দিন