Views Bangladesh Logo

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া সেই এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে করা প্রতারণার মামলায় অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাদিয়া আক্তারকে নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে এসব জমা দিতে হবে।

এর আগে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ৮ সেপ্টেম্বর সাদিয়াকে নেত্রকোনা শহরের কুরপার এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়। পরে ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাদিয়াকে আদালতে হাজির করা হলে আদালত ৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ