চিঠিতে ‘সংগঠনের কাউকে যোগাযোগ না করার অনুরোধ’ জানিয়ে এনসিপি নেতার পদত্যাগ
ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব হায়দার মোল্লা (৩১) পদত্যাগ করেছেন।
সোমবার বিকেলে দুই বাক্যের একটি পদত্যাগপত্র জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে পাঠান তিনি।
চিঠিতে হায়দার মোল্লা লেখেন, ‘আমি হায়দার মোল্লা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করলাম। এনসিপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের আমার সঙ্গে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।’
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণেই স্বেচ্ছায় এবং সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন না বলেও জানান।
জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৮ ডিসেম্বর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ফরিদপুর জেলার ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে অনুমোদনে সই করেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে