Views Bangladesh Logo

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিন পর এনসিপি নেতা জয় দল থেকে বহিষ্কার

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতার মজুমদার জয়কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় এ তথ্য জানান। তিনি বলেন, জয়ের বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। দলের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী তাকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রিদুয়ান হৃদয় আরও জানান, বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত কিংবা পরিচয়ের সঙ্গে আফতার মজুমদার জয়ের আর কোনো সম্পর্ক থাকবে না।

বহিষ্কার আদেশে বলা হয়, এনসিপির নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের মৌলিক দায়িত্ব। কিন্তু আফতাব মজুমদারের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এ অবস্থায় দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী চট্টগ্রাম মহানগর কমিটির জরুরি সিদ্ধান্ত এবং মহানগরের আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে তাকে মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ২৩ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং এখন থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।

এর আগে, বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে জয়কে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুলাই ভুক্তভোগী কলেজছাত্রী চান্দগাঁও থানায় মামলা করেন। অভিযোগে তিনি বলেন, বিয়ের আশ্বাস দিয়ে গত ১৪ জুলাই জয় তাকে নগরীর বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জয় গ্রেপ্তার হন। মামলার তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ