Views Bangladesh Logo

সাইবার সুরক্ষা আইনের মামলায় গাজী সালাউদ্দিন তানভীর কারাগারে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে বগুড়া সদর আমলী আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বগুড়া সদর থানা পুলিশ যৌথভাবে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে। পরে তাকে বগুড়ায় নেওয়া হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন। পরবর্তীতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি তাকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়।

এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রকাশিত পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ