জামায়াতের পরামর্শে এনসিপির রাজনীতি পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি বর্তমানে জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে। নতুন বন্দোবস্তের কথা বললেও বাস্তবে দলটি ‘নতুন ভণ্ডবস্তের’ রাজনীতি করছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, এনসিপির উচিত গঠনমূলক রাজনীতি করা। কিন্তু এখন তাদের রাজনীতি জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে। নতুন বন্দোবস্তের কথা বলে তারা নতুন ভণ্ডবস্ত কায়েমের চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, ‘এনসিপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে নিয়ে কটূক্তি করছেন। পাশাপাশি জুলাই পদযাত্রায় বিভিন্ন এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে সাধারণ মানুষ তা মেনে নেবে না। সিলেট ও হবিগঞ্জে এর প্রতিক্রিয়া দেখা গেছে।’
এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটির কয়েকজন নেতা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে জনপ্রতিনিধিদের গালিগালাজ করছেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অর্থ এই নয় যে কেউ আইনের ঊর্ধ্বে চলে যাবে। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার মধ্য দিয়ে দলটির রাজনীতির সমাপ্তি হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি এখন ‘দিল্লিতে দাফন’ হয়ে গেছে এবং দলটি আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান তুলে ধরে রাশেদ খাঁন বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বরং প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের প্রতিহিংসা থেকে দূরে থেকে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে আসছেন।
মতামত দিন