শিল্পকলায় কর্মশালা আয়োজনের অনুমতি পেল না এনসিপি, সভাস্থল পরিবর্তন
ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্য ঘিরে উত্তেজনা প্রশমিত হলেও দলটির নির্ধারিত কর্মসূচির স্থান পরিবর্তন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজনের অনুমতি না পাওয়ায় সভাস্থল পরিবর্তন করে এনসিপি।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল। তবে জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নয়। ফলে সেখানে এনসিপির কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।
এর পরিবর্তে দলটিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সভা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ না করলে এনসিপির অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন।
পরিস্থিতির মধ্যে শনিবার সকালে হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেন। পরে দুপুরে কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় তাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে তাদের কোনো বাধা থাকবে না।
তবে এর পরও শিল্পকলা একাডেমিতে এনসিপির অনুষ্ঠান আয়োজনের অনুমতি মেলেনি। জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এনসিপি শিল্পকলায় একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানিয়েছিল। পরে সেখানে রাজনৈতিক সমাবেশ হওয়ার বিষয়টি জানানো হয়। রাজনৈতিক অনুষ্ঠানের জন্য শিল্পকলা একাডেমি ব্যবহার করা যায় না বলে সেখানে অনুমতি দেওয়া হয়নি।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, সমস্যা সমাধানে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে। এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মতামত দিন