এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য তাকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে এই সিদ্ধান্ত জানায় ইসি। প্রথম দিনে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১টি রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মনিরার আবেদনটি স্থগিত থাকলেও বাকি ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ১৩টি মনোনয়নপত্র বাছাই করেছি, যার মধ্যে ১২টি বৈধ হয়েছে। একজনের মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। তাকে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।’
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মনিরা শারমিনের জমা দেওয়া নথিপত্রে সরকারি পে-স্কেলের উল্লেখ রয়েছে। এ বিষয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।’
উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।
এই বিষয়ে মনিরা শারমিনের সরাসরি বক্তব্য পাওয়া না গেলেও তার দল এনসিপির শীর্ষ নেতারা দাবি করেন, কৃষি ব্যাংকে চাকরি স্থায়ী হওয়ার আগেই মনিরা পদত্যাগ করেছিলেন। ফলে আরপিও-র তিন বছরের বাধ্যবাধকতা তার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা নয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে