এনসিপির প্রার্থী আখতারকে ‘হত্যার হুমকি’, থানায় জিডি
রংপুর-৪ আসন (কাউনিয়া–পীরগাছা) থেকে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণার সময় একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে আখতার হোসেনের মোবাইলে কল আসে। কলটি রিসিভ করার পর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ঘটনাটিকে কেন্দ্র করে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে একই দিন এক ভিডিও বার্তায় হুমকির বিষয়টি নিশ্চিত করে আখতার হোসেন বলেন, ‘আমরা জীবনের পরোয়া করি না। ভয়ভীতি দেখিয়ে আমাদের নির্বাচনী জয়যাত্রা থামানো যাবে না।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে