স্থানীয় সরকার নির্বাচন
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনীতির বাইরের যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
আওয়ামী লীগ বা বিএনপি থেকে আসা ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা আগে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া অনেকে আগে কখনও সক্রিয় রাজনীতিতে ছিলেন না। আবার কিছু ব্যক্তি ৫ থেকে ৭ বছর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে দলটির ‘স্বৈরাচারী আচরণের’ বিরোধিতা করে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
জোটগত নির্বাচনের বিষয়ে সারজিস আলম বলেন, বর্তমানে এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে সমন্বয়ের সম্ভাবনা থাকলেও সব উপজেলায় যৌথভাবে একজন প্রার্থী নির্ধারণ করা জটিল। ভবিষ্যতে প্রয়োজন হলে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানা থাকলে প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে।
এনসিপি জানিয়েছে, এটি তাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে