সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ঢাকার ৪ বার-ক্লাবে এনবিআরের অভিযান
ঢাকার বিভিন্ন বার, রেস্টুরেন্ট ও অন্যান্য প্রতিষ্ঠানে অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগ অনুসন্ধানে সমন্বিত অভিযান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শনিবার (৩ অক্টোবর) একযোগে রাজধানীর চারটি প্রতিষ্ঠানে তল্লাশি, পরিদর্শন ও নথিপত্র যাচাই শুরু করেন এনবিআরের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। অভিযান চালানো প্রতিষ্ঠানগুলোর একটি ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির মালিক শেখ নুরুল ইসলাম, যিনি কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের শ্বশুর।
এনবিআর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কয়েকটি বার, রেস্টুরেন্ট, কূটনৈতিক বন্ডেড গুদাম ও শুল্কমুক্ত দোকানে অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। একই সঙ্গে এসব পণ্যের বিপরীতে প্রযোজ্য শুল্ক, মূসক ও আয়কর ফাঁকি এবং অনুমোদনহীন গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে এনবিআরের আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের জন্য কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চারটি পৃথক দল গঠন করেছে। দলগুলোর সঙ্গে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা অংশ নেন।
শনিবার অভিযান চালানো চার প্রতিষ্ঠান হলো র’ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এসব প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি তল্লাশি ও নথিপত্র যাচাই করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট পণ্য জব্দের কার্যক্রমও চলছে।
অভিযানে প্রতিষ্ঠানগুলোর মজুত অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের পরিমাণ যাচাই করা হচ্ছে। একই সঙ্গে এসব পণ্যের বৈধ উৎস, আমদানি বা ক্রয়ের কাগজপত্র, শুল্ক-মূসক ও অন্যান্য প্রযোজ্য কর পরিশোধের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পণ্যগুলো আইন অনুযায়ী অনুমোদিত উৎস থেকে সংগ্রহ এবং অনুমোদিত গ্রাহকের কাছে সরবরাহ করা হয়েছে কি না, তাও যাচাই করছেন কর্মকর্তারা।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনিয়ম বা কর ফাঁকির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে।
অভিযান শেষে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও সার্বিক ফলাফল জানাতে শনিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিচতলায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুরুল ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়েছিল।
মতামত দিন