Views Bangladesh Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে অনলাইনে এ আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যারা মেধা তালিকায় জায়গা পাননি, মেধা তালিকায় সুযোগ পেয়েও নির্ধারিত সময়ে ভর্তি হননি অথবা কোনো পর্যায়ে ভর্তি হয়ে পরে সেই ভর্তি বাতিল করেছেন, তারা দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

এ ছাড়া প্রথম বা দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশের আগে কোনো শিক্ষার্থী অন্য কোনো কলেজে ভর্তি হয়ে থাকলে, দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হলে আগের ভর্তি বাতিল করতে হবে। এ ক্ষেত্রে আগামী ২০ আগস্টের মধ্যে আগের ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রিলিজ স্লিপে আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লিক্যান্ট লগইন’ থেকে ‘অনার্স লগইন’ নির্বাচন করতে হবে। এরপর আবেদনকারীকে তাঁর অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে লগইন করতে হবে।

লগইনের পর পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজ নির্বাচন করা যাবে। আবেদনকারীকে নির্ধারিত কলেজগুলোর পছন্দক্রম অনুযায়ী বিষয় নির্বাচন করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট অথবা সংরক্ষণ করে রাখতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন ফরম কোনো কলেজে গিয়ে জমা দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে এ আবেদনের জন্য শিক্ষার্থীদের কোনো ফি পরিশোধ করতে হবে না। ২৫ আগস্ট রাত ১২টার পর আর আবেদন করার সুযোগ থাকবে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ