জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন শুরু ১৬ আগস্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায়। অনলাইনে আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৫ অক্টোবর।
শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল শাখার ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজে কোর্সভিত্তিক পৃথক মেধাতালিকা তৈরি করা হবে।
একই মেধা নম্বর হলে এসএসসি ও এইচএসসির জিপিএ ৪০:৬০ অনুপাতে বিবেচনা করা হবে। প্রয়োজন হলে মোট নম্বরও বিবেচনায় নেওয়া হবে। এরপরও মেধাক্রমে সমতা থাকলে কম বয়সী শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে তৃতীয় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ থাকছে না।
২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার আবেদন করতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং ডিপ্লোমা-ইন-কমার্স পাস করা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের নির্ধারিত নিয়মে ডিন অফিসে সরাসরি অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
গত দুই শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), সম্মান প্রফেশনাল বা ডিগ্রি (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পাওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না। তবে আগের ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করা যাবে। কোনো শিক্ষার্থীর দ্বৈত ভর্তি ধরা পড়লে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
আবেদনের জন্য প্রাথমিক আবেদন ফরমের সঙ্গে ১ হাজার টাকা ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতি অথবা সরাসরি এই ফি নেওয়া হবে। আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে ‘Applicant Login’ থেকে ‘Degree Pass’ নির্বাচন করে ‘Apply Now’ অপশনে যেতে হবে। এরপর এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে আবেদন শুরু করে বিভাগ ও জেলা অনুযায়ী পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। আবেদনকারী যোগ্য বিষয়গুলোর মধ্যে পছন্দক্রম নির্ধারণ করে সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় এন্ট্রি দিতে পারবেন। আবেদন শেষে ফরম ডাউনলোড করে প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
মতামত দিন