Views Bangladesh Logo

নেপালে বন্যার ১৩তম দিনে জাতীয় শোক: নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মরণে সোমবার (৭ সেপ্টেম্বর) নেপালে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী ১৩ দিনের শোককাল শেষ হচ্ছে আজ। এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে দেশটি।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় শোকের শেষ দিনে সরকারি কার্যালয় এবং বিদেশে অবস্থিত দেশটির কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ভয়াবহ ওই দুর্যোগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ, বরফ ও পাথরের বিশাল অংশ ধসে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোত ও কাদাপানিতে ভোতেকোশি ও ত্রিশূলী নদীর আশপাশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামো ধ্বংস হওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ ও গবাদিপশু পানির তোড়ে ভেসে যায়।

নেপাল পুলিশের সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দুর্যোগে ১ হাজার ৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রায় ৫ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রসুয়া জেলার পাহাড়েবেসি গ্রামে নিখোঁজ স্বজনদের অপেক্ষায় স্বজনদের মধ্যে চলছে গভীর শোক। অনেক পরিবার এখনো প্রিয়জনের কোনো সন্ধান না পেলেও ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

দুর্যোগের কারণে শোক পালনের প্রচলিত আনুষ্ঠানিকতাও অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত পুরোহিত না থাকায় পাহাড়েবেসি গ্রামের ২০টির বেশি পরিবার শেষকৃত্য ও শ্রাদ্ধের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাঠমান্ডু ও অন্যান্য শহরে যেতে বাধ্য হয়েছে। আবার নিখোঁজ স্বজনদের প্রতীকী শেষকৃত্য হিসেবে হিন্দু ধর্মীয় রীতি মেনে অনেক পরিবার ‘কুশপুতুল’ তৈরি করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে।

তবে বিপর্যয়ের প্রায় দুই সপ্তাহ পরও জীবিত উদ্ধারের ঘটনা স্বজনদের মধ্যে কিছুটা আশার আলো জাগাচ্ছে। গত শনিবার নুয়াকোটের বেত্রাবতীতে ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৪ বছর বয়সী চান্দিকা কুমারী শ্রেষ্ঠাকে জীবিত উদ্ধার করা হয়। পরিবার তাঁকে মৃত ভেবে শোকের আনুষ্ঠানিকতা শুরু করেছিল। পরে উদ্ধারকারীরা তাঁর আওয়াজ শুনতে পেয়ে প্রায় ৪৫ মিনিটের অভিযানে তাঁকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে পাঠান।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ