Views Bangladesh Logo

উচ্চশিক্ষার মানোন্নয়নে উপাচার্যদের জাতীয় সংলাপ আজ থেকে শুরু

দেশের উচ্চশিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করা, শিক্ষার গুণগত মান বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষ নেতৃত্ব ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে আজ শুক্রবার (২১ আগস্ট) শুরু হচ্ছে উপাচার্যদের জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ। ঢাকার সাভারের ব্র্যাক সিডিএমে দুই দিনব্যাপী এ সংলাপে দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ বা হিট প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়েছে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এবং আন্তর্জাতিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল নির্ধারণই এ সংলাপের অন্যতম লক্ষ্য।

দুই দিনের আয়োজনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য অংশ নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, নীতিনির্ধারক, দেশি-বিদেশি শিক্ষাবিদ, শিক্ষা গবেষক এবং ইউজিসি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন।

সংলাপে বিশ্ববিদ্যালয় পরিচালনায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষাদানের মান উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা, যুগোপযোগী পাঠ্যক্রম তৈরি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা অর্জনের বিষয়েও মতবিনিময় হবে।

প্রথম দিনের আলোচনায় শুক্রবার বেলা ১১টায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকবেন। আলোচনায় উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সংশ্লিষ্টদের মতামত তুলে ধরা হবে।

আগামীকাল শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় সংলাপের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সংলাপ থেকে পাওয়া সুপারিশ ও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পরবর্তী সময়ে সংকলন করে হিট প্রকল্পের কার্যক্রম এবং দেশের উচ্চশিক্ষার দীর্ঘমেয়াদি নীতি ও কৌশল নির্ধারণে কাজে লাগানো হবে বলে জানিয়েছে ইউজিসি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ