Views Bangladesh Logo

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হামলার অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ‘মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।’

তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পক্ষের কারো কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ